সন্দ্বীপ প্রতিনিধি- মুরাদ হোসাইন
কোনোরকম পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ বাড়লো চট্টগ্রাম-কুমিরা থেকে সন্দ্বীপ,গুপ্তছাড়া নৌরুটে স্পিডবোট ও ট্রলারের ভাড়া।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঢেউ এসে পড়েছে সন্দ্বীপের অন্যতম নৌ রুট কুমিরা-গুপ্তছড়ায়। সরকারি নির্দেশনার আগেই এ নৌ রুট দিয়ে যাত্রী পারাপারের অন্যতম মাধ্যম স্পিডবোট ও সার্ভিস বোটের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। স্পিডবোটের ভাড়া ৩০০-৪০০ টাকা করা হয়েছে। এছাড়া সার্ভিস বোটের ভাড়া ১৫০-২০০ টাকা।
গত ফেব্রুয়ারি মাসে স্পিড ও সার্ভিস বোটের ভাড়া বাড়িয়েছিল ঘাট ইজারাদার। তখন স্পিডবোটের ভাড়া করা হয়েছিলো ২৫০-৩০০ টাকা। এখন আবার ১০০ টাকা বাড়ানো হয়েছে। ফলে ৬ মাসের মধ্যেই স্পিডবোটের ভাড়া ১৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এ নৌরুটের ভাড়া বাড়িয়েছেন ঘাট ইজারাদাররা। তবে যাত্রীদের দাবি, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হয় সরকারের সিদ্ধান্তেরপরে, প্রজ্ঞাপন জারির মাধ্যমে। কিন্তু সরকারের কোনো নির্দেশনা ছাড়া এভাবে বাড়া বাড়াতে পারেন না ইজারাদাররা।
চট্টগ্রাম জেলা পরিষদের তথ্যমতে, ২০১০ সালের দিকে এ কুমিরা-গুপ্তছড়া নৌরুটের স্পিডবোটের ভাড়া নির্ধারণ করা হয়েছিল ৪০০ টাকা। পরবর্তী সময়ে সন্দ্বীপের সংসদ সদস্যের আশ্বাসে এ রুটের ভাড়া কয়েক দফা কমিয়ে ৩০০ টাকা করা হয়। পরে স্থানীয়দের আন্দোলনের কারণে ভাড়া ২৫০ টাকা করা হয় গত বছরের মে-জুনে। এমনকি সংসদ সদস্য এ রুটের ভাড়া ২০০ টাকা করা হবে বলে আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।