• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়া চতুর্থ শ্রেণীর ছাত্রের ওপর হামলার এক দিন পর তিন জনকে আসামী করে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৩, ২০২২, ১২:০২ অপরাহ্ণ
বানারীপাড়া চতুর্থ শ্রেণীর ছাত্রের ওপর হামলার এক দিন পর তিন জনকে আসামী করে মামলা

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় জাপান প্রবাসী মো.জাকির হোসেন খালাসীর ছেলে ও বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র মো. জুবাইয়ের ইসলাম অভিক’র ওপর দু’দফা হামলার এক দিন পর বাল্কহেড ব্যবসায়ী মো.নুরুল হক ও তার স্ত্রী শাহিদা বেগমসহ তিন জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রোববার রাতে পৌর শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা ও জাপান প্রবাসী মো.জাকির হোসেন খালাসীর স্ত্রী মোসা ঃ আইরিন সুলতানা বাদী হয়ে বানারীপাড়া থানায় এ মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ আলম চৌধুরী ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহম্মেদ এ মামলাটি তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য এস.আই মো.শফিকুল ইসলামকে নির্দেশ দেন। সে অনুযায়ী সোমবার এ মামলার তদন্ত কর্মকর্তা এস.আই মো.শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি প্রাথমিক তদন্তে ওই ঘটনার সত্যতা পেছেন বলে জানান।
এ ব্যপারে মামলা ও স্থানীয় ব্যবসায়ী মো.জাকির হোসেন হাওলাদারসহ একাধিক ব্যাক্তি জানান, শুক্রবার বিকেলে পৌর শহরের ১নং ওয়ার্ডের জাপান প্রবাসী মো.জাকির হোসেন খালাসীর ছেলে ও বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র মো. জুবাইয়ের ইসলাম অভিক সহ ৪-৫ জন শিশু খেলার ছলে মুসলিম গোরস্থান এলাকার বালুর কেরিং ব্যবসায়ী মো.নুরুল হকের বাল্কহেডের সামনে ওঠে। এ সময় নুরুল হকের স্ত্রী মোসা ঃ শাহিদা বেগম তাদেরকে দেখে অকথ্য ভাষায় গালাগাল করে ও অভিককে পিটিয়ে আহত করে। একই ঘটনায় পরদিন শনিবার বিকেলে নুরুল হক ও তার স্ত্রী শাহিদা বেগম এবং ছেলে শাহারিয়ার নতুন করে আবার ওই প্রবাসীর বাড়ির সামনে গিয়ে অভিকের ওপর হামলা ও রক্তাক্ত জখম করার পাশাপাশি অকথ্য ভাষায় গালাগাল এবং হত্যার হুমকী দেয়। এ সময় তাদের হাত থেকে অভিককে বাচাতে গিয়ে ব্যবসায়ী জাকির হোসেন আহত হন বলে জানান।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ আলম চৌধুরী ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহম্মেদ জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।