মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার রুপেশ্বর ও ঘাসী গাং জলমহালে অভিযান চালিয়ে ৬৫০০মিটার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘাসী গাং জলমহালের মধ্যবর্তী স্থানে অবৈধভাবে বাঁশের বেড়া ও পাটি ফেলে বাঁধ দিয়ে মাছ শিকার করায় সেটি উচ্ছেদ করা হয়। বুধবার (২৪আগস্ট) বিকেল তিনটা থেকে ওইদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ধর্মপাশা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব। ওইদিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মধ্যনগর থানা প্রাঙ্গণে এগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ওসি মো.জাহিদুল হক, এ এস আই আবদুল কাইয়ুম,কনস্টেবল মমিনুল, একাব্বর প্রমুখ। #