স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, ব্যবসায়ীদের আমরা একটি নীতিমালার মধ্যে আনতে পারিনি। যার কারনে দ্রব্যমূল বেড়েছে। আর যারা কৃত্রিম সংকট তৈরী করছে, যারা সিন্ডিকেট করছে তাদের বিরুদ্ধে সংবাদ করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহম্মেদ মজুমদার।
আজ শুক্রবার (২৬ আগস্ট) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তারা এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি আরো বলেন, অামাদের দেশে সারের কোন কমতি নেই। অামাদের নিজস্ব উৎপাদন রয়েছে। গতকালও অামরা সার নিয়ে মিটিং করেছি। কৃষিকে বাঁচিয়ে রাখার জন্য অামরা কাজ করছি। বিশ্বে যতই খারাপ অবস্থা হোক না কেন বাংলাদেশে কোন রকম অভাব হবে না।
মন্ত্রী আরো বলেন, দেশে সারের কোন সংকট নেই। নির্মাণ সামগ্রী সিমেন্ট ও রডের দাম বেড়েছে। অামাদের এখানে ব্যসায়ীরা একটু বেশি সুযোগ নিচ্ছে। অামরা ব্যবসায়ীদের নীতিমালার মধ্যে অানতে পারিনি। অামরা চেষ্টা করছি সার্বিকভাবে বাজার নিয়ন্ত্রণের জন্য। মানুষের যে ভোগান্তি হচ্ছে তা কমানোর জন্য চেষ্টা করছি। অাগামী ৩ মাসের মধ্যে একটা পরিস্থিতি সৃষ্টি হবে যেখানে অনেক কষ্ট লাঘব হবে।
শিল্প মন্ত্রী অারো বলেন, করোনার পরে বিশ্বের যে সার্বিক অবস্থা তা হঠাৎ করে হয়নি। করোনার পর অাবার ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে এতে প্রভাব ফেলেছে। অামরা একটা গ্লোবাল ফ্যামিলিতে বসবাস করি। অামরা একে অপরের উপর নির্ভরশীল।
এদিকে, যারা সিন্ডিকেট করছে তাদের বিরুদ্ধে সংবাদ করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানিয়ে প্রতিমন্ত্রী কামাল আহম্মেদ মজুমদার বলেন, বাংলাদেশে খাদ্য শস্যের কোন অভাব নেই, সারের কোন সংকট নেই। গুদামে ৬ থেকে ৭ লক্ষ মেট্রিক টন সার মজুদ রয়েছে। করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধকে পুঁজি করে এক শ্রেনীর ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে। এসব অতি মুনাফালোভীদের কারণে দ্রব্যমূল্য বাড়ছে এবং সাধারন জনগনকে কষ্ট পোহাতে হচ্ছে।
এর আগে সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহম্মেদ মজুমদার। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সমস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে মন্ত্রী গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় বিসিআইসি কর্তৃক নির্মাণাধীন সারের বাফার গোডাউন পরিদর্শন করেন।
এ সময় শিল্প সচিব জাকিয়া সুলতানা, বিসিআইসি’র চেয়ারম্যান শাহ্ মো: ইমদাদুল হক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূরুল আলম, জনেন্দ্রনাথ সরকার, এসএম আলম, যুগ্মসচিব মো: আব্দুল ওয়াহেদ, জেলা প্রশাসক শাহিদা সুলতানাসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। #