• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জের ধর্মপাশায় কিলঘুষিতে এক কৃষকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২২, ১১:০৭ পূর্বাহ্ণ
সুনামগঞ্জের ধর্মপাশায় কিলঘুষিতে এক কৃষকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার ২

মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুলতানপুর গ্রামে সাইকুল ইসলাম (৫২)নামের এক কৃষককে বুধবার সকালে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার রাতে ধর্মপাশা থানায় একটি হত্যা মামলা হয়েছে।
নিহত ওই কৃষকের ছেলে তরিকুল ইসলাম (২৫) বাদী হয়ে একই ইউনিয়নের নওধার গ্রামের বাসিন্দা আবুল কাশেম ( ৫২) সহ চারজনের নাম উল্লেখ করে এই মামলাটি করেছেন। মামলার পর পরই রাত সোয়া নয়টার দিকে অভিযান চালিয়ে আসামি আবুল কাশেম (৫২)ও তার স্ত্রী আনোয়ারা (৪৫) কে নেত্রকোনা জেলার ঠাকুরাকোনার মোড় থেকে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্মপাশা থানা পুলিশ ও ওই কৃষকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে,উপজেলার সুলতানপুর গ্রামের সামনে কৃষক সাইকুল ইসলামের বোরো জমির বীজতলা রয়েছে। বর্তমানে সেটি পানিতে নিমজ্জিত।বুধবার সকাল ছয়টার দিকে সেখানে প্লাস্টিকের চাঁই পেতে মাছ শিকার করতে যান একই ইউনিয়নের নওধার গ্রামের বাসিন্দা আবুল কাশেম (৫২)সহ ৪-৫জন ব্যক্তি। মাছ শিকার করার জন্য ওই বীজতলা থেকে কিছুটা মাটি কেটে তুলে তারা পাড় তৈরি করেন। খবর পেয়ে ওইদিন সকাল সাতটার দিকে ওই বীজতলার পাড়ে যান কৃষক সাইকুল ইসলাম।বীজতলার ক্ষতি করে মাছ শিকার করায় তিনি কাশেম ও তাঁর সঙ্গে থাকা লোকজনের ওপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। এক পর্যায়ে আবুল কাশেম ও তাঁর লোকজন রাগান্বিত হয়ে কৃষক সাইকুলকে কিলঘুষি ও চড় থাপ্পড় মারতে শুরু করলে তিনি অচেতন হয়ে পড়েন।পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার সাইকুলকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় একটি হত্যা মামলা হয়েছে। এই মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#