মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ঃ মেহেন্দিগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল মোল্লার বাড়িতে হামলা, ভাংচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে ২০/২৫ জনের সন্ত্রাসীরা কাউন্সিলর সোহেল মোল্লার বাড়িতে হামলা চালায়। কাউন্সিলর সোহেল মোল্লার মা শাহানা বেগম জানান, দুপুর আনুমানিক সাড়ে ১২ টার সময় ইমরান খানের নেতৃত্বে ২০/২৫ জনের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের বসতঘরে প্রবেশ করে কাউন্সিলর সোহেল মোল্লাকে খুজতে থাকে এবং গালিগালাজ করে ঘরে থাকা মালামাল ভাংচুর ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এসময় কাউন্সিলর সোহেল মোল্লা বাড়িতে ছিলেন না বলে জানান তিনি। কাউন্সিলর সোহেল মোল্লা সাংবাদিকদের জানান, বাড়িতে হামলার ঘটনায় মেহেন্দিগঞ্জ থানার ওসি’কে একাধিকবার অবগত করা হলেও তিনি কোন সহায়তা করেননি। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।