• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বিদ্যালয় পরিদর্শনে বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৯, ২০২২, ১১:০৭ পূর্বাহ্ণ
গৌরনদীতে বিদ্যালয় পরিদর্শনে  বিভাগীয় কমিশনার

গৌরনদী প্রতিনিধি \ দুইটি বিদ্যালয়সহ সরকারী বিভিন্ন দপ্তর এবং আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান ও জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার।
সোমবার সকালে জেলার গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে অতিথিদের ফুলের শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। অতিথিরা বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব, বঙ্গবন্ধু কর্নার, কারিগরি ক্লাসরুমসহ বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু উপস্থিত ছিলেন।
পরবর্তীতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। একইদিন উপজেলা ভূমি অফিস এবং দুপুরে বিভিন্ন আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করা হয়।