• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে নবজাগরণ ফাউন্ডেশনের নেতৃত্বে রাসেল-নুর জাহান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২২, ০৬:২৭ পূর্বাহ্ণ
রাবিতে নবজাগরণ ফাউন্ডেশনের নেতৃত্বে রাসেল-নুর জাহান

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. রাসেল সরকারকে সভাপতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুর জাহান দোলনকে সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেয় সংগঠনটি।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক মিলনায়তনে (টিএসসিসি) আয়োজিত ‘একদিন স্বপ্নের দিন’ অনুষ্ঠানে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

৫৬ সদস্য বিশিষ্ট এ কমিটিতে অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি রওশন আলী ও হেমা আক্তার ইভা, সাংগঠনিক সম্পাদক মো. বায়েজিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম রহমান ও গোলাম রাব্বি লিমন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মালিহা মিম ও সফল চাকমা এবং অর্থ বিষয়ক সম্পাদক সেলিম রহমান। এছাড়া উপদেষ্টা পদে যুক্ত হন মো. খালিদ হাসান, মো. রিফাত হোসেন, রাশেদুল ইসলাম, শামীমা আফরোজ, মো. সোহাগ আলী, মো. আলী আশরাফ এবং নয়ন আলী।

এসময় সাবেক সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনিমুল হক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির উপদেষ্টা অর্থনীতি বিভাগের অধ্যাপক ইলিয়াছ হোসেন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনিমুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. সুলতান মাহমুদ, আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদিকুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ সজীবসহ প্রমুখ।

এসময় অধ্যাপক মনিমুল হক বলেন, নবজাগরণ ফাউন্ডেশন বরাবরের মতই সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকেছে এবং তাদের সুন্দর জীবনে ফিরে আনার জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। স্বেচ্ছায় দক্ষতার সাথে কাজ করে যাওয়ায় সংগঠনের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং নবাগত কমিটিকে অভিনন্দন জানান তিনি।

সভায় সমাপনী বক্তব্যে সংগঠনটির বিদায়ী সভাপতি রাশেদুল ইসলাম বলেন, বিদায় যদিও কষ্টের তবে নতুনদের জায়গা করে দিতে বিদায়ের বিকল্প নেই। নবজাগরণ ফাউন্ডেশনের নতুন কমিটিকে অভিনন্দন জানাই। নতুন কমিটি তাদের কাজের ধারাবাহিকতা অব্যাহত রেখে সংগঠনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে বলে আশা রাখি।

উল্লেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পথশিশুদের নিয়ে কাজ করে এই সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই যোগ্য নেতৃত্ব ও পারস্পারিক সহযোগিতায় সফলতার সাথে কাজ করে যাচ্ছে এই সংগঠন। বর্তমানে তিন শতাধিক সদস্য ও স্বেচ্ছাসেবীর সমন্বয়ে পরিচালিত এ ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ সংগঠন হিসেবে সুপরিচিত।