দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে জমে ওঠেছে নূতন বাজার ব্যবসায়ি সমিতির নির্বাচন। জাতীয় ও স্থানীয় নির্বাচনের ন্যায় পোষ্টার, ব্যানার লিপলেট দিয়ে চলছে জমজমাট প্রচারণা। প্রতিদ্বন্দি প্রার্থীদের নিয়মিত গণসংযোগ আর ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যবসায়ি ও সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়ে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা।
উপজেলার নূতন বাজার ব্যবসায়ি সমিতির নির্বাচন কমিশন সূত্র জানায়, সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাকী ৮টি পদে একজন করে প্রার্থী থাকায় তারা বিনে প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দুমকি সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক একেএম আসাদুজ্জামান জানান, সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৩জন এবং অন্যান্য পদগুলোতে ২জন করে মোট ২৭জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১২ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এনির্বাচনে মোট দু’শ আটান্ন জন ব্যবসায়ি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনার আরও বলেন, সুষ্ঠু শান্তিপূর্ণ ও স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্নের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়মিত প্রচার-প্রচারণা ও গণসংযোগে নূতন বাজার এলাকা সরগরম হয়ে ওঠেছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থীরা তাদের সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোট প্রার্থনা করছেন। রাত ৮টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের পর গভীর রাত পর্যন্ত অধিকাংশ প্রার্থীরা ভোটারদের বাসা বাড়িতেও হানা দিচ্ছেন।
নূতন বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে চলছে ভোটের হিসাব নিকাশ। প্রচার-প্রচারণায় কোন পদে কে এগিয়ে ইত্যাকার নানান আলোচনা পর্যালোচনায় মুখর বাজারের টি স্টলগুলো।সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ মনিরুজ্জামান জামাল মৃধা (ছাতা) দৃঢ়তার সাথে বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত অবাধ- সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের স্বচ্ছ নির্বাচনে ব্যবসায়িরা যে রায় দেবে- আমি তা মেনে নেব। নিজের জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদি। একই পদের অপর প্রতিদ্বন্দি প্রার্থী মো. ফয়ছাল আহম্মেদ মৃধাও (চেয়ার) অনুরূপ আশাবাদ ব্যক্ত করেছেন।
সাধারণ সম্পাদক পদে মো. সহিদুল ইসলাম সর্দার (মোটরসাইকেল) ও এইচ এম গোলাম রাব্বানী সুমন (চশমা) মধ্যো ভোটের লড়াই হবে হাড্ডাহাড্ডি বলে মনে করছেন সাধারণ ব্যবসায়িরা। সময় যতই আগাচ্ছে ভোটের উত্তাপ ততই বাড়ছে। এখন শুধু অপেক্ষার পালা, শেষ হাসি কে হাসে-দেখার অপেক্ষায় ওই এলাকার ভোটারসহ সাধারণ মানুষ।
দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম বলেন, অত্যন্ত সুন্দর পরিবেশে ভোটের প্রচারণা চলছে এবং এখানে যাতে কোনধরনের অপ্রীতকর ঘটনা না ঘটে সেদিকে আমরা সার্বক্ষণিক নজর রাখছি।
#