ইতালি প্রতিনিধিঃ
প্রবাসীদের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রোমের স্থানীয় একটি হলরুমে আয়োজিত অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সেন্টাল কমিটির সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইন উদ্দিন আনসারীর পরিচালনায় শুরুতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবগঠিত সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার ক্লার্ক এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সরাসরি ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইজি দি মাইও, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন ভিডিও বার্তার মাধ্যমে ইতালির পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা ও নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান।
এ সময় নেতৃবৃন্দরা ইতালির নবগঠিত এই কমিটি প্রবাসীদের স্বার্থরক্ষায় সবসময় কাজ করে যাবে আশা ব্যক্ত করেন।এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দা এফায়ার্স জসিম উদ্দিন, প্রথম সচিব শ্রম কল্যাণ আসিফ আনাম সিদ্দিকী, সংগঠনের প্রধান উপদেষ্টা মহিবুর রহমান মুহিব, উপদেষ্টা নূরে আলম সিদ্দিকী বাচ্চু সহ ব্রিটেন থেকে আগত অতিথি ও রোমের সামাজিক, আঞ্চলিক, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী বাবু বাঙ্গাল ও সঞ্চারী সঙ্গীতায়নের শিশু শিল্পীদের পরিবেশনায় নাচ ও গানে মাতিয়ে তুলে আমন্ত্রিত অতিথিদের।