স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্ত্রী শান্ত মধুকে হত্যার দায়ে স্বামী শ্যাম প্রসাদ মধু ওরফে শিমুল মধু ওরফে মিঠুনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক মো: আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামী শ্যাম প্রসাদ মধু ওরফে শিমুল মধু ওরফে মিঠুন কোটালীপাড়া উপজেলার মাচারতারা গ্রামের মৃত মহানন্দ মধুর ছেলে।
মামলার বিবরণে জানাগেছে, বিয়ে পর থেকে নানা অজুহাতে স্ত্রী শান্ত মধুর উপর নিয্যাতন করতো স্বামী শ্যাম প্রসাদ মধু ওরফে শিমুল মধু ওরফে মিঠুন। ২০১০ সালের ৯ জুলাই খাবার দেয়া নিয়ে শান্ত মধুকে বেধরক মারধর করে শ্যাম প্রসাদ।
পরে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই লক্ষন বৈদ্য বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে দীর্ঘ শুনানী শেষে আদালত এ সাজা প্রদান করেন। মামলার রায় ঘোষনার সময় সাজাপ্রাপ্ত আসামী পলাতক ছিলেন।
মামলাটি বাদী পক্ষে এপিপি অ্যাডভোকেট মো: শহিদুজ্জামান খান ও আসামী পক্ষে অ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দীন পরিচালনা করেন। #