• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে বঙ্গবন্ধু ফিজিক্যালি-চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২২, ০৩:১৮ পূর্বাহ্ণ
রাবিতে বঙ্গবন্ধু ফিজিক্যালি-চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ( পিডিএফ) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ‘বঙ্গবন্ধু ফিজিক্যালি-চ্যালেঞ্জড’ ক্রিকেট ম্যাচ-২০২২ এর আয়োজন করেছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ হবিবুর রহমান দল। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিংকু ইসলাম।

শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠে প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক ম্যাচটি উদ্বোধন করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘শামসুজ্জোহা ইলেভেন’ ও ‘হবিবুর রহমান একাদশ’ নামের দুটি দল ম্যাচটিতে লড়েছে। দর্শকরা পূর্ণ উত্তেজনার সাথে পুরো ম্যাচটি উপভোগ করেছেন এবং খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছেন।

ম্যাচ শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা এম তারেক নুর, পিডিএফ উপদেষ্টা ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস চ্যাম্পিয়ন দল, রানার্স আপ দল ও অন্যান্যদের পুরস্কৃত করেন।

এ বিষয়ে জানতে চাইলে পিডিএফের সভাপতি জামাল উদ্দিন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণশিক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী অন্তর্ভুক্তির বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ক্রীড়া কার্যক্রম ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে প্রতিবন্ধী যুবকদের সম্পৃক্ত করতে এই আশ্চর্যজনক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, পিডিএফ প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ২০১০ সালে রাবিতে প্রতিষ্ঠা লাভ করে পিডিএফ। একই লক্ষ্যে ঢাবি, জাবি এবং জবিতেও কাজ করে যাচ্ছে সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী অন্তর্ভুক্তির বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ক্রীড়া কার্যক্রম ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে প্রতিবন্ধী যুবকদের সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন নিয়মিত করে থাকেন।