• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের প্রতিবন্ধী শিশু হত্যা মামলায় কথিত নারী কবিরাজের আমৃত্যু কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২২, ০৭:৩২ পূর্বাহ্ণ
গোপালগঞ্জের প্রতিবন্ধী শিশু হত্যা মামলায় কথিত নারী কবিরাজের আমৃত্যু কারাদন্ড

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে প্রতিবন্ধী শিশু মো: নূর ইসলাম হত্যা মামলায় কথিত নারী কবিরাজ মোসা: আকলিমা খাতুনকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকাও জরিমানা করা হয়।

আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।

আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামী হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আ: লতিফ শেখের স্ত্রী কথিত নারী কবিরাজ মোসা: আকলিমা খাতুন।

মামলা বিররনে জানাগেছে, মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ৯ বছরের শিশু সন্তান মো: নূর ইসলাম প্রতিবন্ধী ছিলেন। ২০০৭ সালের ৯ মার্চ সকালে ওই শিশুকে জ্বীনে ধরেছে এমন কথা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে কুমার নদী চুবিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করে কবিরাজ মোসা: আকলিমা খাতুন। পরে খবর পেয়ে পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় ওই দিনই মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌ পুলিশ ফাঁড়ির এএসআই মো: মনিরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করলে দীর্ঘ শুনানী শেষে আদালতের বিচারক এ রায় প্রদান করেন। রায় ঘোষনার সময় আসামী কথিত নারী কবিরাজ মোসা: আকলিমা খাতুন পলাতক ছিলেন।

এ মামলাটি রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট মো: শহিদুজ্জামান খান ও আসামী পক্ষে স্টেট ডিফেন্স অ্যাডভোকেট মো: আবু তালেব শেখ মামলাটি পরিচালনা করে। #