• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল শুক্রবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি, আসতে পারেন প্রধানমন্ত্রীও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২২, ০৬:১৭ পূর্বাহ্ণ
আগামীকাল শুক্রবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি, আসতে পারেন প্রধানমন্ত্রীও

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে আগামীকাল শুক্রবার (৭ অক্টোবর) পদ্মা সেতু হয়ে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। এদিকে, একই দিন শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় আসতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে পাঠানো রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো: নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা গেছে।

বার্তায় জানানো হয়, ৭ অক্টোবর দুপুর ১ টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি সড়ক পথে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল ৪ টা ১৫ মিনিটে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধি সৌধ কমপ্লেক্সে উপস্থিত হবেন।

এরপর বিকেল সাড়ে ৪ টায় রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ, বিশেষ মোনাজাত এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করবেন। বিকেল পৌনে ৫ টায় তিনি চাচক্রে অংশ নেবেন।

পরে বিকেল সোয়া ৫ টায় টুঙ্গিপাড়া হতে কাশিয়ানী উপজেলার কালনা সেতুর উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে উপস্থিত হয়ে তিনি মধুমতি সেতু (কালনা) ও মধুমতি নদী পরিদর্শন করবেন।

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি মধুমতি সেতু থেকে শিবচরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে উপস্থিত হয়ে তিনি মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত ও মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ দর্শন করবেন। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শিবচর হতে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন। রাত সাড়ে ৮টায় রাষ্ট্রপতির বঙ্গভবনে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় আসতে পারেন বলেও শোনা যাচ্ছে। তবে বিষয়টি এখন পযর্ন্ত জেলা প্রশাসন নিশ্চিত করতে পারেনি।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে আগামী ৬ ও ৭ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সমাধি সৌধ কমপ্লেক্সে সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশ বন্ধ থাকবে। #