গৌরনদী প্রতিনিধি \ অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে বরিশালের আগৈলঝাড়ায় দুই বালু ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে দন্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলো- গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের সুলতান সরদারের ছেলে সুজন সরদার (২৫) এবং কালুপাড়া গ্রামের মজিবর সরদারের ছেলে মনির সরদার (২৪)।
শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন জানান, উপজেলার উত্তর শিহিপাশা এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের ঘটনায় বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে দুই বালু ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে’ তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ইউএনও আরও জানান, অবৈধপন্থায় বালু উত্তোলণকারী ও সরকারী জমি দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।