• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে স্ত্রী হত্যা দায়ে ১৭ বছর পর স্বামীর মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১০, ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে স্ত্রী হত্যা দায়ে ১৭ বছর পর স্বামীর মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্ত্রী মোসা: জরিনা বেগমকে হত্যা দায়ে দীর্ঘ ১৭ বছর পর স্বামী আছিকার রহমান সরদারকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। এ মামলার সাথে সংশ্লিষ্টতা না পাওয়ায় অপর ৭ আসামীকে খালাস দেয়া হয়।

আজ সোমবার (১০ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচরক মো: আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।

মুত্যুদন্ডপ্রাপ্ত আসামী হলেন, টুঙ্গিপাড়া উপজেলার মুন্সিচর (গজারিয়া) গ্রামের মৃত মো: সেকেন্দর সরদারের ছেলে আছিকার রহমান সরদার।

মামলার খালাসপ্রাপ্তরা হলেন, একই গ্রামের মোসা: রাহিলা বেগম, মো: আওলাদ সরদার, মো: কবির মোল্যা, মো: আনোয়ার সরদার, মো: মান্নান সরদার, মো: জাকির সরদার ও মো: জাবের খা (পলাতক)।

মামলার বিবরনে জানাগেছে, ১৯৯৬ সালে মৃত জরিনার প্রথম স্বামী তোফাম্মেল মোল্যা মারা যান। এরপর ২০০০ সালে আছিকার রহমান সরদারের সাথে বিয়ে হয় জরিনার। বিয়ের পর বিভিন্ন সময় জরিনার প্রথম স্বামী তোফাম্মেলের রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে টাকা হাতিয়ে নিয়ে ভরন পোষন দেয়া বন্ধ করে দেয় আছিকার। এতে ভরন পোষনের দাবীতে ২০০৩ সালে আদালতে একটি মামলা দায়ের করেন জরিনা। এতে ক্ষিপ্ত হয়ে ২০০৫ সালের ৭ জুন রাতে কথা আছে বলে জরিনাকে বাইরে নিয়ে যায় স্বামী আছিকার। এরপর সে আর রাতে বাড়ী ফিরে আসেনি। পরদিন ৮ জুন সকালে হাজির খালে ভাসমান অবস্থায় জরিনার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় ৮ জুন নিহতের ভাই মো: দাউদ সিকদার বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় ৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশী তদন্তকলে এক আসামী মারা গেলে ৮ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। পরে দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় প্রদান করেন। রায় ঘোষনার সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আদালতে উপস্থিত ছিলেন।

মামলাটি রাষ্ট্র পক্ষে পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট মো: শহিদুজ্জামান খান ও আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো: রবিউল আলম। #