গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের চারটি দপ্তর কর্মকর্তা শূন্য হয়ে পরেছে। দীর্ঘদিন যাবত দপ্তর চারটিতে কর্মকর্তা যোগদান না করায় চরম ভোগান্তিতে পরেছে সরকারী সেবা নিতে আসা সেবা প্রত্যাশীরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় এক বছর পূর্বে উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তাকে অন্যত্র বদলী করা হয়। সেই থেকে অন্য উপজেলার হিসাব রক্ষন কর্মকর্তা সপ্তাহের দুইদিন এ উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করে আসলেও এখন পর্যন্ত কোন কর্মকর্তা যোগদান করেননি।
এছাড়াও গত দুই মাস পূর্বে সহকারী কমিশনার (ভূমি) পদন্নোতিজনিত কারনে বদলী হলেও এ উপজেলায় এখন পর্যন্ত কোন সহকারী কমিশনারকে নিয়োগ দেয়া হয়নি। সপ্তাহের একদিন উপজেলা নির্বাহী অফিসার ভূমি অফিসে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন। সহকারী কমিশনার না থাকায় ভূমি সেবা নিতে আসা সেবা প্রত্যাশীদের চরম বিরম্বনায় পরতে হচ্ছে।
সূত্রে আরও জানা গেছে, উপজেলা নির্বাচন কর্মকর্তাকে দুই মাস পূর্বে অন্যত্র বদলী করা হয়েছে। সপ্তাহে একদিনের জন্য বাবুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা এ উপজেলায় দায়িত্ব পালন করে আসছেন। গত দেড় মাসপূর্বে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অন্যত্র বদলী করা হয়েছে। এখন পর্যন্ত প্রাথমিক কর্মকর্তা হিসেবে কেউ যোগদান না করলেও একজন সহকারী শিক্ষা কর্মকর্তা চলতি দায়িত্ব পালন করে আসছেন।
কর্মকর্তা না থাকায় সেবা প্রত্যাশিদের কিছুটা ভোগান্তির কথা স্বীকার করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। খুব শীগ্রই চারটি দপ্তরে কর্মকর্তা যোগদান করবেন।