স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে খাল ভরাটের দায়ে প্রফুল্ল ওঝা নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের সতীশের পোল এলাকায় অভিযান চালানো হয়। এসময় ড্রেজার মেশিন দিয়ে প্রবাহমান পাঁচুড়িয়া খাল ভরাটের দায়ে প্রফুল্ল ওঝাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সহায়তা করেন। জনস্বার্থে ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার। #