নলছিটি প্রতিনিধি
ঝালকাঠি নলছিটিতে কোন কাগজপত্র ও আবেদন ছাড়াই বিদ্যুৎ অফিসের মিটার রিডারের সহায়তায় একমাস বিদ্যুৎ ব্যবহার করার ঘটনা ঘটেছে। সরকারের এই বিদ্যুৎ সমস্যার মাঝেও আবাসিক প্রকৌশলীর যোগসাজশে মিটার রিডার এই কান্ড ঘটিয়েছেন বলে জানা গেছে। সরোজমিনে গিয়ে জানা যায়, উপজেলার জুরকাঠি এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য উপজেলা আবাসিক প্রকৌশলীর দপ্তরে যোগাযোগ করেন। এসময় মিটার রিডার রুম্মান আহমেদের হাতে তিনি ১২ হাজার টাকা দিয়ে আসেন। এরপর অফিসের লাইনম্যান গিয়ে তার বিদ্যুৎ সংযোগ লাগিয়ে দেন। এরপর একমাস গত হলে সাংবাদিকদরা বিষয়টা জানতে পেরে গ্রাহক জাহাঙ্গীর হোসেনের সাথে যোগাযোগ করেন। তিনি সাংবাদিকদের উপস্থিতিতে বিদ্যুৎ অফিসের কর্মচারী রুম্মান আহমেদ কে ফোন দিলে জানতে পারেন তার সংযোগটি অনলাইন বা কোন আবেদনই করা হয়নি। বর্তমানে তিনি অবৈধভাবে সংযোগ ব্যবহার করছেন। এ ব্যাপারে আবাসিক প্রোকৌশলী সোহেল রানা জানান,এবিষয়ে আমার কিছু জানা নেই যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও দপদপিয়া ইউনিয়নে একই ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।