দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে মাকে শ্লীলতাহানির ঘটনায় বাঁধা দেয়ায় ছেলেকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গত শুক্রবার দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুমকি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পারিবারিক ও এজাহার সুত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা হারুন অর রশিদ জোমাদ্দার ও একই বাড়ির বাসিন্দা হাতেম আলী জোমাদ্দারের ছেলে বাবুল হোসেন জোমাদ্দার গংদের সাথে দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। গত শুক্রবার দুপুরে যৌথ জমি থেকে বাবুল জোমাদ্দার, জাহিদ, আরিফ হোসেন নারিকেল ও সুপারি পেরে বিক্রি করায় হারুন অর রশিদ’র স্ত্রী আনোয়াররা বেগম(৪০) জিজ্ঞেস করতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং একপর্যায়ে শ্লীলতাহানি করে গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যায় । পরবর্তীতে মা’কে শ্লীলতাহানি করায় ছেলে মিলন(২২) জিজ্ঞেস করতে গেলে প্রতিপক্ষরা মিলনকে খুনের উদ্দেশ্যে এলোপাতাড়ি চাকু দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় । পরে ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন মিলনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনের অবস্থা আশংকাজনক দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় মিলনের বাবা হারুন অর রশিদ জোমাদ্দার রবিবার সকালে বাবুল হোসেন জোমাদ্দাকে প্রধান আসামি করে ৩ জনের বিরুদ্ধে দুমকি থানায় একটি মামলা দায়েরের করেন।
দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম বলেন, এ ঘটনায় ইতোমধ্যে আমরা প্রধান আসামি বাবুল হোসেনকে আটক করেছি এবং বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।
#