গৌরনদী প্রতিনিধি ॥ আমনের ক্ষেতে ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে তানভীর হাওলাদার (২১) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার শাওড়া গ্রামের। নিহত তানবির ওই গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে। সে রমজানপুর আব্দুস সোবাহান গোলাপ পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থী ছিলো।
মঙ্গলবার সকালে নিহতের পিতা শাহআলম হাওলাদার জানান, আমনের ক্ষেতে ইঁদুরের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সোমবার সন্ধ্যা সাতটার দিকে ইঁদুর মারার জন্য পার্শ্ববর্তী বাড়ি থেকে বৈদ্যুতিক তারের মাধ্যমে জমির চারপাশে ফাঁদ তৈরি করা হয়। সেই ফাঁদের বিদ্যুতের লাইন চেক করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতপৃষ্ট হয়ে গুবরুত্বর আহত হয় তানবীর। মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
গৌরনদী মডেল থানার এসআই মোঃ নাসির হোসেন জানান, কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।