• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে মুক্তিযোদ্ধা কোটার সাক্ষাৎকারের প্রথমপর্ব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২২, ১৩:৫৫ অপরাহ্ণ
রাবিতে মুক্তিযোদ্ধা কোটার সাক্ষাৎকারের প্রথমপর্ব অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসি) তিন দিনব্যাপী সাক্ষাৎকারের প্রথমপর্বে অংশ নেয় ৫৯৬ জন মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি।

খোঁজ নিয়ে জানা গেছে, এবারের সাক্ষাৎকারে ২০২১-২২ শিক্ষাবর্ষে উত্তীর্ণ ১৭৮৮ জন মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি অংশ নিচ্ছে। আজ প্রথম দিন (মঙ্গলবার) ক্রমিক নং ০১- ৫৯৬ জন, দ্বিতীয় দিনে ৫৯৭-১১৯২ এবং তৃতীয় দিন ১১৯৩-১৭৮৮ রোল নম্বরের সাক্ষাৎকার নেওয়া হবে।

সাক্ষাৎকারে ডকুমেন্টস হিসেবে যা লাগছে:
১.বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল সনদপত্র অথবা নম্বরপত্রসহ মূল রেজিস্ট্রেশন কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডের রোল নম্বর সংবলিত ফটোকপি। বীর মুক্তিযোদ্ধা পরিচিতির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইট থেকে mis.molwa.gov.bd বীর মুক্তিযোদ্ধা তালিকার বিস্তারিত পৃষ্ঠাটি মন্ত্রণালয়ের লোগো ও ওয়েবলিংকসহ ডাউনলোড করে আনতে হবে অথবা বীর মুক্তিযোদ্ধার ডিজিটাল সনদপত্র বা ডিজিটাল সার্টিফিকেট দেখাতে হচ্ছে।

২.নাতি-নাতনিদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল সনদপত্র অথবা নম্বরপত্রসহ মূল রেজিস্ট্রেশন কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডের রোল নম্বর সংবলিত ফটোকপি, বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনি পরিচিতির জন্য অবশ্যই সংশ্লিষ্ট এলাকার মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা/জেলা প্রশাসকের সাম্প্রতিক প্রত্যয়নপত্র সঙ্গে আনতে হবে এবং নাতি/নাতনি প্রমাণের জন্য দাদা/দাদি, নানা/নানি ও বাবা/মায়ের জাতীয় পরিচয়পত্র শো করতে হচ্ছে।