রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থীর শাহরিয়ারের মৃত্যুতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামলার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে একদিকে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও অন্যদিকে রাবি শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন।
বুধবার রাত ১০ টায় রামেক হাসপাতালে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর রাত সাড়ে ১১ টায় দুপক্ষ দুদিকে পাল্টাপাল্টি অবস্থান নেয়।
পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার আবু কালাম সিদ্দিক। তিনি বলেন, এখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া র্যাবের বিভিন্ন ইউনিট এখানে উপস্থিত আছেন।
এর আগে রাবি হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে গুরুতর আহত এক শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা আসতে দেরি করায় আইসিইউ সেবা না পেয়ে মারা যান। এদিকে চিকিৎসকদের প্রতি ক্ষুব্ধ হয়ে হাসপাতালের বিভিন্ন ইউনিটে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আহত শিক্ষার্থী ঠিকভাবে চিকিৎসাসেবা না পেয়ে মৃত্যু বরণ করেছেন।
নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়। তিনি হবিবুর রহমান হলের ৩৫৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।
এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, রাত ৮টার দিকে আহত অবস্থায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার সহপাঠীদের অভিযোগ ওই শিক্ষার্থীর চিকিৎসা ঠিকমতো হয়নি। এরই প্রতিবাদে তারা হাসপাতালে ভাঙচুর শুরু করে।