স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জর কাশিয়ানীতে মাইক্রোবাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (২৪) নামে এক যুবক নিহত হয়েছে।
আজ শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের তিলছড়া বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাজু শেখ ফরিদপুর জেলার সদর উপজেলার উজান মল্লিকপুর গ্রামের মুখলেস শেখের ছেলে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক জানান, মোটর সাইকেলে করে নিহত রাজু শেখ কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন।
এসময় মোটর সাইকেলেটি ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া বাসস্ট্যান্ডে পৌঁছলে দ্রুতগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীরা মারাত্মক আহত রাজুকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে কবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। #