স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর থেকে প্রায় সাতশ বছর আগের পাল শাসন আমলের কষ্টি পাথরের ৩২ কেজি ওজনের একটি বিষ্ণুমুর্তি উদ্ধার হয়েছে। এসময় চোরাকারবারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে র্যাব-৮।
আজ শুক্রবার (২১ অক্টোবর) বিকালে র্যাব-৮ ফরিদপুরে কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার মো: শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে মুকসুদপুর উপজেলার শাশুনিয়া গ্রামে অভিযান চালিয়ে কষ্টি পাথরে মুর্তিসহ এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মুকসুদপুর উপজেলার শাশুনিয়া গ্রামের মৃত ইয়াকুব মোল্লার আবুল খায়ের মোল্লা (৫৭), একই গ্রামের মৃত আমীর আলী মুন্সীর ছেলে টুকু মুন্সি (৩৫) ও পাবনা জেলার আমিনপুর উপজেলার নারায়ণপুর গ্রামের খোরশেদ মোল্লার ছেলে রমজান মোল্লা (২৮)
র্যাব-৮ ফরিদপুর এর কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার মোঃ শহিদুল ইসলাম জানান, শাশুনিয়া গ্রামে প্রায় ছয় মাস ধরে একটি বাড়িতে পাল শাসন আমলের প্রায় ৭০০ বছর পূর্বের কষ্টি পাথরের ৩২ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি চোরাচালানের জন্য হেফাজতে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এসময় ওই বাড়ী থেকে কষ্টি পাথরের ৩২ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। পরে ওই বাড়ী থেকে চোরাকারবারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। মুর্তিটির উচ্চতা ২৬.৫ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি এবং ওজন ৩২ কেজি।
তিনি আরো জানান, উদ্ধারের পর স্থানীয় এক স্বর্নকার মুর্তিটিকে কষ্টি পাথরের মুর্তি বলে নিশ্চিত করে। রাতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুকসুদপুর থানায় মামলা দায়েরর পর হস্তান্তর করা হয়েছে। #