গৌরনদী প্রতিনিধি \ চলন্ত পরিবহন থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে রকিবুল শেখ (২৪) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায়। রকিবুল কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম এলাকার সেকেন্দার শেখের ছেলে। পরিবহন কর্তৃপক্ষের দাবী আটক রকিবুল মাদক কারবারী।
জেবি পরিবহনের সুপারভাইজার বেলাল হোসেন জানান, জেবি পরিবহনের (চট্রগ্রাম মেট্রো-১১-১৬৩৯) বাস চট্রগ্রাম থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। ফেনী থেকে ব্যাগ নিয়ে রকিবুল নামের ওই যুবক বাসে উঠে। পথিমধ্যে কুমিল্লার গৌরীপুর এলাকায় পুলিশের চেকপোষ্টে বাস থেকে ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার করে পুলিশ। বাসের মধ্যে থেকে গাঁজা উদ্ধার হলেও মাদক কারবারীকে তারা সনাক্ত করতে পারেনি। পরে যাত্রীদের কথা চিন্তা করে চালক ও গাড়ীর কাগজপত্র রেখে দিয়ে চালক-সুপারভাইজারকে মাদক কারবারী সনাক্ত করে দিতে বলেন পুলিশ সদস্যরা। অন্যথায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান।
পরবর্তীতে ফেনীর কাউন্টারের সিসিটিভির ফুটেজ দেখে সেখানের ম্যানেজার জানায় গাঁজা ভর্তি ব্যাগ ফেনি থেকে ওঠা যুবক রকিবুলের। এ বিষয়ে রকিবুলকে জিজ্ঞাসা করলে ওই ব্যাগ তার নয় বলে অস্বীকার করে। রাত আটটার দিকে যাত্রী নিয়ে গৌরনদী বাসষ্ট্যান্ডে পৌঁছলে গাড়ি থেকে নেমে যাওয়ার চেষ্টা করে রকিবুল। কিন্তু গাড়ীর যাত্রীরা তাকে নামতে দিতে চাচ্ছিলোনা।
তিনি আরও জানান, মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডের দক্ষিণ পাশে চলন্ত গাড়ী থেকে লাফ দিয়ে পড়ে দৌঁড়ে নর্দমার পানির মধ্যে ডুব দিয়ে পালানোর চেষ্টা করে সে। একপর্যায়ে স্থানীয় জনতা ও গাড়ির যাত্রীরা ধাওয়া করে নর্দমার পানির মধ্যে থেকে তাকে আটক করে।
আটক যুবক রকিবুল শেখ জানান, তিনি মাদক কারবারী নন। তবুও গাড়ীর লোকজন তাকে মাদককারবারী সাজানোর চেষ্টা করে গাড়ির মধ্যে বসে ব্যাপক মারধর করে তার হাত ভেঙ্গে দিয়েছে। এমনকি সে গৌরনদী বাসষ্ট্যান্ডে নামতে চাইলে তাকে নামতে না দিয়ে বরিশাল দিকে নিয়ে যাচ্ছিলো। পরে বাঁচার তাগিদে গাড়ি থেকে লাফ দিয়েছেন।
গৌরনদী মডেল থানার এসআই সুশান্ত কুমার জানান, খবরপেয়ে ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।