• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার দায়িত্ব মুক্তিযোদ্ধাদের নিতে হবে -আবুল হাসানাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২২, ১০:২০ পূর্বাহ্ণ
অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার দায়িত্ব মুক্তিযোদ্ধাদের নিতে হবে -আবুল হাসানাত

গৌরনদী প্রতিনিধি \ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন, সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করে অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার দায়িত্ব নিতে হবে মুক্তিযোদ্ধাদের। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনায় যে সংবিধান প্রণয়ন করেছিলেন তা ১৯৭৫ সালের পরবর্তী সরকারগুলো মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। ইতিহাস বিকৃতি হিসেবে তারা মহান মুক্তিযুদ্ধকে “গন্ডগোল” আখ্যায়িত করে প্রচার করেছিলো।
বৃহস্পতিবার সকালে জেলার আগৈলঝাড়ার শহীদ সুকান্ত আবদুল্লাহ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসানাত আরও বলেন, জিয়া সরকার মুক্তিযোদ্ধাদের ফাঁসিতে ঝুলিয়েছিলো। তখন সরকারী চাকুরীতে কোন লোক মুক্তিযোদ্ধার সনদ দিয়ে চাকুরী করতে পারেনি। চাকুরী হারানোর ভয়ে মুক্তিযোদ্ধার সন্তান হয়েও পরিচয় দিতে পারেনি। বর্তমান আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাই মুক্তিযোদ্ধাদের প্রথম শ্রেণির নাগরিক হিসেবে গণ্য করে তাদের জন্য সকল ধরনের সাহায্য সহযোগিতা আর সম্মান অব্যাহত রেখেছেন। তাই অসাম্প্রদায়িক দেশ গঠনে শেখ হাসিনার সরকারকে পুনারায় ভোটের মাধ্যমে ক্ষমতায় আনতে বীর মুক্তিযোদ্ধাদের দায়িত্ব নিতে হবে।
উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অজয় দাসগুপ্ত, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ।