দানিসুর রহমান লিমন-
বরিশালের বাকেরগঞ্জে বিএনপির গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় পুলিশ লাঠিচার্জ করেছে। এতে অন্তত ৯-১০ জন নেতা-কর্মী আহত হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) উপজেলার কলসকাঠী বাজারে সকাল ১১ টায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।
সুত্রে জানা গেছে, আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ। উক্ত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সাবেক এমপি আবুল হোসেন খান ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ শেষে কলসকাঠী বাজারের দ্বিতীয় গলিতে ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা শুরু হলে থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলনের নেতৃত্বে পুলিশ পথসভায় লাঠিচার্জে করে। এতে তাদের ৯-১০ জন নেতা-কর্মী আহত হয়। আহতরা হলেন সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ জমাদ্দার, কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল শিকদার, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির তালুকদার, যুবদল নেতা সজল তালুকদার, ছাত্রদলের নেতা সাইফুল মোল্লা রেজাউল লিখন প্রমুখ।
কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা জানান, আগামী ৫ নভেম্বর বরিশালে বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে ইউনিয়ন বিএনপির উদ্যোগে সকাল ১১টায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আবুল হোসেন খান। এসময় তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। পুলিশের লাঠিচার্জে ৯-১০ জন নেতা-কর্মী গুরুতর জখম হয়।
পুলিশের লাঠিচার্জের বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন জানান, কলসকাঠীতে উপজেলা বিএনপির দুইটি গ্রুপ একই স্থানে সভা করতে চাইলে তাদের মধ্যে সংঘর্ষের আশংকা থাকায় পুলিশ তাদের সরিয়ে দেয়।