স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (০৪ নভেম্বর) সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন ড. মো: রাজিউর রহমান। এসময় তিনি বলেন, এই ঘোষণার ফলে বাংলাদেশের সংবিধান বাহাত্তরের সাংবিধানিক কাঠামোতে ফিরে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সংবিধান কেবল এদেশের সর্বোচ্চ আইন নয় বরং এতে বাংলাদেশের রাষ্ট্রীয় চরিত্র বর্ণিত হয়েছে। জাতীয় সংবিধান দিবস ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তাঁর সরকারকে অভিনন্দন জানান।
এছাড়া বশেমুরবিপ্রবিতে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আগামী ৯ নভেম্বর কুইজ প্রতিযোগিতা ও বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। #