স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুলাভাই ও শ্যালক নিহত হয়েছে।
আজ শুক্রবার (০৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ফকিরপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপূর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের মৃত: নুরুল হক সিকদারের ছেলে নিয়ামুল সিকদার (২৮) ও এই উপজেলার জালালাবাদ ইউনিয়নের মাঠলা গ্রামের আমজাদ আলী মোল্লার ছেলে মোস্তাইন মোল্লা (৭)। মোস্তাইন মাঠলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র।
উপ-পরিদর্শক (এসআই) মো: সিরাজুল ইসলাম জানিয়েছেন, গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রাম থেকে মোটর সাইকেলে করে শ্যালক মোস্তাইনকে সাথে নিয়ে দুলাইভাই নিয়ামুল শ্বশুর বাড়ি সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মাঠলা গ্রামে যাচ্ছিলেন।
এসময় মোটর সাইকেলটি পাইককান্দি ফকিরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুলাভাই ও শ্যালক নিহত হন।
পরে খবর পেয়ে কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। #