স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৬টি দোকান। এতে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
শনিবার (১২ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়া উপজেলার মামার বাজার এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া ফায়ার স্টেশন অফিসার খান এহসান-উল-আলম জানান, রাতে মামার বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ওই বাজারের মাসুম শেখের মুদি দোকান, জয় দাসের সেলুন ও শহীদুল ইসলামের ঔষধের ফার্মেসীসহ ৬টি দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে টুঙ্গিপাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাসীর সহায়তায় ১ ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
তিনি আরো জানান, এ অগ্নিকান্ডে ৮ লাখ টাকার ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের কর্মীরা সময় মত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে পারায় ১৩ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। #