• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে প্রবাসীকে কুপিয়ে জখম করে টাকা ছিনতাইয়ের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২২, ১৩:৪৯ অপরাহ্ণ
বেতাগীতে প্রবাসীকে কুপিয়ে জখম করে টাকা ছিনতাইয়ের অভিযোগ।

মোঃ সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনার বেতাগীতে মো. জুয়েল খান নামে এক প্রবাসীকে কুপিয়ে জখম করে দেড় লাখ টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে তারই আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

রবিবার (১৩ নভেম্বর) সকালে বেতাগী পৌরশহরের বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেতাগী থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। আহত জুয়েল বেতাগী পৌর শহরের মাদ্রাসা সড়কের মৃত হানিফ খানের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, জমিজমার বিরোধের জেরে মো. জুয়েল খান ও তার আপন চাচাতো ভাই রুবেল খানের দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। স্থানীয়ভাবে সালিশি বৈঠক হওয়ার কথা থাকলেও হঠাৎ করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হলে রবিবার সকালে রুবেলসহ তার ৫-৬ জন লোক জুয়েলকে কুপিয়ে জখম করে। পরে আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রবাসী জুয়েল খানের স্ত্রী বলেন, আমি ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি রুবেল ৫-৬ জন সন্ত্রাসী নিয়ে আমার স্বামীকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করছে। আমি চিৎকার করে স্থানীয়দের জড়ো করলে তারা পালিয়ে যায়৷

তিনি আরো বলেন, আমার স্বামীকে কোপানো সময় তার সঙ্গে থাকা দেড় লক্ষ টাকাও ওরা ছিনিয়ে নিয়ে গেছে। আমি এর সঠিক বিচার চাই।

আহত জুয়েল খান বলেন, আমি সকালে রড এর দোকানে বকেয়া বিল পরিশোধের জন্য দেড় লক্ষ টাকা ও মিস্ত্রি দের জন্য খাবার কেনার উদ্দেশ্যে দোকানের দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে বাস স্ট্যান্ড এলাকায় রুবেল খান তার গুন্ডাবাহিনী নিয়ে আমার ওপর আক্রমণ করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আমাকে যখম করে। সাথে ওর বন্ধু অজয় রায় ও শিহাব হোসেন রাজিব সহ আরো ৫-৬ জন ছিল। তখন ডাক চিৎকার শুনে আমার স্ত্রী এসে আমাকে উদ্ধার করে।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা চলছিল তাই উদ্দেশ্যমূলক ভাবে আমার উপর এ হামলা চালানো হয়েছে।

এবিষয়ে অভিযুক্ত রুবেল খান বলেন, জমিজমা নিয়ে আমাদের পারিবারিক ঝামেলা চলছে। তবে আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। আমি তার গায়ে হাত দেইনি এবং কোন টাকাও নেই নেই।

এ ব্যাপারে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।