নলছিটি(ঝালকাঠি)প্রতিনিধি: আওলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে আমরা অসুবিধায় পড়ে গেছি । এই অসুবিধার কারণ সরকার না। যেহেতু আমাদের দেশ আমদানি নির্ভর দেশ অন্য দেশের থেকে আমদানি করতে হয় তাই আমরা এ অসুবিধায় পড়েছি। মানুষের এই অসুবিধা সুযোগ নিয়ে বিএনপি অপপ্রচার করছে। তাদের আমলে মানুষের কোন উপকার হয়নি।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে গম,ভূট্টা,সরিষা ও মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নলছিটিতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেন, আমাদের দেশের কৃষকরা পরিশ্রমী। আওয়ামী লীগ সরকার সব সময় কৃষকদের পাশে থেকে তারদের সব ধরনের সহযোগিতা করে আসছে। আর কৃষকরা দক্ষতার সঙ্গে কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করছে, তাই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
তিনি আরও বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই কৃষকদের বিনামূল্যে এবং ন্যার্য মূল্যে সার-বীজ প্রদান করে থাকে। আওয়ামী লীগ সরকার হচ্ছে কৃষক বান্ধব সরকার। যখন বিএনপি আন্দোলনের নামে অগ্নিসংযোগ করে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করেছে, তখনো আমরা কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করতে সক্ষম হয়েছি।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খান,জেলা আওয়ামী লীগের সদস্য ব্যারিষ্টার সুমাইয়া হোসেন অদিতি, উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।