স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বালু বোঝাই ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১৫জন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দূর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) আবু নাঈম মো: তোফাজ্জেল হক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ইমাদ পরিবহনের সুপারভাইজার আশিক (৩৫)। তার বাড়ী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে। তবে নিহত অপর দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) আবু নাঈম মো: তোফাজ্জেল হক জানান, সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে একটি বালু বোঝাই ট্রাক দাড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়াগামী ইমাদ পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস ট্রাকের পিছন দিক থেকে সাজোড়ে ধাক্কা মারে।
এতে বাসটি দুমড়ে মুচড়ে গেলে বাসের সুপারভাইজার আশিকসহ আরো দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এসময় বাসে থাকা অপর আরো ১৫ যাত্রী মারাত্মক আহত হন। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পযর্ন্ত নিহত দুইজনের নাম পরিচায় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। #