রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী পঞ্চম আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন। ‘এসডিজির লক্ষ্য অর্জনে ফোকলোর বিদ্যা’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে ফোকলোর বিভাগের আয়োজনে কাল থেকে শুরু হবে এ সম্মেলন। শেষ হবে ২১ নভেম্বর।
শনিবার বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান এ তথ্য জানান।
অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান জানান, বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধন করবেন রাজশাহীর নর্থবেঙ্গল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল খালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য আসাদ মান্নান, বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম।
মোস্তফা তারিকুল আহসান আরও জানান, এসডিজির ১৭টি লক্ষ্য অর্জনে ফোকলোর বিদ্যার ব্যাবহারিক জ্ঞান কিভাবে কাজে লাগিয়ে এসডিজি ১৭ টি লক্ষ মাত্রাকে বাস্তবায়ন করাই এ সম্মেলনের উদ্দেশ্য। এছাড়া সামাজিক উন্নয়নে ফোকলোরের ভুমিকা। টেকসই উন্নয়নে ফোকলোরের জ্ঞান কি কি ভূমিকা রাখতে পারে সেগুলোও সম্মেলনের আলোচ্য বিষয়। ফোকলোর শুধু পুরাতন জিনিস নয় বরং চিকিৎসাবিজ্ঞান, খাদ্য নিরাপত্তা, যোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দুই দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, তুরস্ক, পোল্যান্ড ও আমেরিকার প্রাবন্ধিকরা প্রবন্ধ উপস্থাপন করবেন। সম্মেলনে ৪০ টি প্রবন্ধ পাঠ করা হবে। ইতোমধ্যে দুই শতাধিক শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছেন।
এসয় আরও উপস্থিত ছিলেন, ফোকলোর বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন, সহযোগী অধ্যাপক ড. রতন কুমার, সরকারী অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম কনক ।
উল্লেখ্য, ১৯৯৯ সর্বপ্রথম আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৬ সালের এপ্রিলে চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়।##