• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

একক নিয়োগের দাবীতে গোপালগঞ্জে বাংলাদেশ মৎস্য ডিপ্লোমাধারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২০, ২০২২, ০৭:১৪ পূর্বাহ্ণ
একক নিয়োগের দাবীতে গোপালগঞ্জে বাংলাদেশ মৎস্য ডিপ্লোমাধারীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ মৎস্য ডিপ্লোমাধারীদের একক নিয়োগ অধিকার আদায়ের দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ মৎস্য ডিপ্লোমা এসোসিয়েশন, গোপালগঞ্জ শাখা এ কর্মসূচী পালন করে।

আজ রবিবার (২০ নভেম্বর) সকালে স্থানীয় প্রেসক্লাবের সমানে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় দাবী আদায়ের লক্ষ্যে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়।

মানববন্ধন চলাকালে বাংলাদেশ মৎস্য ডিপ্লোমা এসোসিয়েশন, গোপালগঞ্জ শাখার সভাপতি মো: আশিকুর রহমান, সহ সভাপতি জাহিদ হাসান, মাকসুদুল হাসান তুষার, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহিম সিকদার, প্রচার সম্পাদক রতন বাড়ৈ, ছাত্রী বিষয়ক সম্পাদিকা তমালিকা রায় বক্তব্য রাখেন।

এসময় বক্তরা বলেন, বাংলাদেশে সরকারী ও বেসরকারী ৫৪টি মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট রয়েছে। ৪ বছর মেয়াদী ডিপ্লোমা পাসকৃতদের মত ১০ গ্রেডে নিয়োগ হবার আশা ছিল। কিন্তু মৎস্য ডিপ্লোমাধারীদের কোন নিয়োগ হয়নি। দ্রুত নিয়োগ দেবার দাবী জানান তারা।

পরে মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। #