রাবি প্রতিনিধি:
গতকাল থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপের ২২ তম আসর। এই জমকালো আসরকে ঘিরে প্রবল উৎসাহ-উদ্দীপনায় মেতে উঠছে ফুটবল প্রেমীরা। তারই ধারাবাহিকতায় এবার উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ব্রাজিল সমর্থক রাবি শিক্ষার্থীদের মধ্যে।
কাতার বিশ্বকাপে জয়ের প্রত্যাশায় হেক্সা মিশন সম্পন্ন করতে প্রিয় দল ব্রাজিলকে শুভকামনা জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আনন্দ মিছিল ও বর্ণাঢ্য র্যালি করেছেন বিশ্ববিদ্যালয়ের ব্রাজিলিয়ান সমর্থক শিক্ষার্থীরা।
সোমবার (২১ নভেম্বর) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে থেকে আনন্দ মিছিল বের করেন তারা। বিভিন্ন স্লোগানে তারা মাতিয়ে তুলেছেন ক্যাম্পাসের প্রতিটি অঙ্গন। পরে আনন্দ মিছিলটি ক্যাম্পাসে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে মিলিত হয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকদের নিয়ে ব্রাজিল ফ্যানস ক্লাব কমিটি গঠন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু সভাপতি ও মিজানুর রহমান তাসিবকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করে ব্রাজিল ফ্যানস ক্লাব।
আনন্দ মিছিল শেষে প্রিয় দলের প্রতি শুভকামনা জানিয়ে ব্রাজিল ফ্যানস ক্লাবের সভাপতি মেহেদী হাসান মিশু বলেন, ব্রাজিল সর্বাধিক বিশ্বকাপ বিজয়ী দল। এবারেও বিশ্বকাপ ব্রাজিলের হাতেই উঠবে। বাংলাদেশ থেকে ব্রাজিলের জন্য যে পরিমাণ সাপোর্ট ও দোয়া আছে এবার অবশ্যই ব্রাজিল বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরবে। ব্রাজিল এবার নতুন চমক দেখাবে বলে আশাবাদী ব্রাজিলের এ ভক্ত।
ব্রাজিল ফ্যানস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তাসিব বলেন, ব্রাজিল ৫ বারের বিশ্ব চাম্পিয়ন তাই ব্রাজিলের সমর্থক বরাবরই বেশি থাকে। আমাদের অর্জন বেশি, ঝুলি অনেক ভারি তাই সবাইকে নিয়ে ধীরে সুস্থেই প্রিয় দল ব্রাজিলকে সমর্থন জানিয়ে এই আনন্দ মিসিল। এবারের ব্রাজিলের যেই স্কোয়াড তা দেখে যারা খেলা বুঝে তারা অবশ্যই হট ফেভারিটে ব্রাজিলকেই রাখবে। ইনশাআল্লাহ এবার মিশন হেক্সা অর্জন হবে।
আরেক শিক্ষার্থী বলেন, আমাদের আনন্দ মিছিল প্রমাণ করে দেয় ব্রাজিলের প্রতি আমাদের ভালোবাসা। ক্যাম্পাসে যে ব্রাজিল দলের বড় সমর্থক গোষ্ঠী রয়েছে আজকে আমরা সেটা প্রমাণ করেছি। আমাদের ইতোমধ্যে কমিটিও গঠন করা হয়েছে। নেইমারের চমকেই এবার বিশ্বকাপ হাতে তুলে নিবে ব্রাজিল।