• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ম্যাজিস্ট্রেট স্ত্রীর মামলায় কারাগারে স্বামী মোহাইমেনুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২২, ১২:০৭ অপরাহ্ণ

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ম্যাজিস্ট্রেট স্ত্রীর মামলায় স্বামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

স্বামী মোহাইমেনুল ইসলামের (৩৩) বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুনের (৩১) করা মামলায় এই নির্দেশ দেন আদালত।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে পুলিশ মোহাইমেনুল ইসলামকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করলে বিচারক জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, আজ সকালে তাকে গ্রেফতার করে পুলিশ।

পপি খাতুন নীলফামারীর জেলা প্রশাসকের কার্যালয়ের এপি. সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে কর্মরত আছেন। তিনি উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর গ্রামের মৃত আব্দুল জলিলের মেয়ে। গ্রেফতার মোহাইমেনুল ইসলাম একই গ্রামের বাসিন্দা মাকসুদুর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) পৌর শহরের বোয়ালিয়া গ্রামে ভগ্নিপতি সোহরাবের বাড়িতে যান পপি খাতুন। পরের দিন গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে মোহাইমেনুল ইসলাম সেখানে এসে তার নিকট ৫০ হাজার টাকা দাবি করেন। পপি টাকা দিতে অস্বীকার করলে তাকে এলোপাথারি মারধর করেন। এতে গুরুতর জখম হন পপি। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এর আগেও স্বামীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নীলফামারী সদর থানায় মামলা করেন নির্যাতিত ম্যাজিস্ট্রেট পপি।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা হলেন সাব-ইন্সেপেক্টর (এসআই) প্রলয় কুমার বর্মা। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা হলে অভিযুক্ত মোহাইমেনুলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে আজ দুপুরে মোহাইমেনুলকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করালে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।