গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন গ্রামে রবিবার দিবাগত রাত একটার দিকে বিভিন্ন এলাকার মসজিদের মাইকে গ্রামে ডাকাত ঢোকার প্রচারনা চালানো হয়েছে। এতে স্থানীয়দের মাঝে ব্যাপক আতংক ছড়িয়ে পরে।
খোঁজ নিয়ে জানা গেছে, গৌরনদী উপজেলার ভূরঘাটা, খাঞ্জাপুর, ইল্লা, বার্থী, কটকস্থল, সাউদেরখালপাড়, ও টরকী সহ বিভিন্ন এলাকার মসজিদের মাইকে ডাকাত প্রবেশের প্রচার করার পর রাতভর আতঙ্কিত ছিলো স্থানীয় বাসিন্দারা। তবে ওইসব এলাকায় কোন ডাকাতির ঘটনা না ঘটলেও পার্শ্ববর্তী মাদারীপুর জেলা থেকে এই গুজবের শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় এমদাদ হোসেন, সৈয়দ নকিবুল হক সহ একাধিক বাসিন্দারা বলেন, হঠাৎ করে মসজিদের মাইকে এ ধরনের ঘোষণা শুনে আমরা ঘুম থেকে উঠে এলাকার মানুষজন একত্রিত হয়ে ডাকাত ধরার প্রস্তুতি নিয়েছি। পরে শুনি, এটা একটা গুজব।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, এলাকায় ডাকাত দলের প্রবেশের ঘোষণা বিভিন্ন মসজিদ থেকে দেওয়া হয়েছে। এটা মূলত মাদারীপুর এলাকা থেকে শুরু হয়েছে, তবে কোথাও কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। বিষয়টি স্রেফ গুজব হলেও উপজেলার গুরুত্বপূর্ন পয়েন্ট থেকে শুরু করে পুরো উপজেলায় থানা পুলিশের একাধিক মোবাইল টিম প্রতিদিনের ন্যায় টহল দিয়েছেন।