গৌরনদী প্রতিনিধি \ কৃত্রিম প্রজনন কেন্দ্রের অবসরপ্রাপ্ত উপসহকারী কর্মকর্তার অপচিকিৎসায় উন্নত জাতের একটি গাভীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ পতিহার গ্রামে।
গাভীর মালিক ওমর আলী হাওলাদার জানান, সদ্য বাচ্চা দেওয়া উন্নতজাতের একটি গাভী সোমবার রাতে অসুস্থ হয়ে। পরবর্তীতে ডাক্তার নুর উদ্দিনকে খবর দেওয়া হয়। মঙ্গলবার সকালে ডাক্তার নুর উদ্দিন গাভীর শরীরে স্যালাইন পুশ করেন। এর কিছুক্ষন পরই গাভিটি মারা যায়।
ওমর আলী হাওলাদারের আত্মীয় মিন্টু মিয়া জানান, আগৈলঝাড়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটোনারি হাসপাতালের কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা নুর উদ্দিন পশু চিকিৎসক না হয়েও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে গাভীটির চিকিৎসা করেছেন। তার অপচিকিৎসার কারনে গাভীটির মৃত্যু হয়েছে।
তবে গাভীটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কথা স্বীকার করলেও অপচিকিৎসার বিষয়টি অস্বীকার করেছেন কৃত্রিম প্রজনন কেন্দ্রের অবসরপ্রাপ্ত উপসহকারী কর্মকর্তা নুর উদ্দিন।
এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান তরফদার জানান, ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।