মোঃ ইসমাইল ভোলা।।
ভোলায় চিকিৎসকের ভুল চিকিৎসায় বিবি আছিয়া (৩৫) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগ ওঠেছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ডা. আফরোজা বেগমের বিরুদ্ধে। গত রবিবার (১১ ডিসেম্বর) রাতে ভোলা ডায়াবেটিকস হাসপাতালে ওই অন্তঃসত্বা নারীর অস্ত্রপাচারে একটি পুত্র সন্তান জন্ম দেয়ার পর জ্ঞান না ফেরায় সোমবার সকালে আইসিউ সাপোর্টের জন্য বরিশাল নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত বিবি আছিয়া ভোলা সদর উপজেলার শিবপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্লুইজগেট এলাকার মো. আব্দুর রহমানের স্ত্রী। নিহতের স্বজনদের অভিযোগ চিকিৎসক আফরোজা বোমি করা অবস্থায় রোগীর অস্ত্রপাচার করায় তাঁর মৃত্যু হয়েছে। তাঁরা এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন।
নিহতের ভাতিজা মো. জিন্নাহ জানান, অন্তঃসত্বা অবস্থায় তাঁর চাচীকে ডা. আফরোজাকে দেখিয়ে ছিলেন। তাঁর পরামর্শে রবিবার রাতে ভোলা ডায়াবেটিকস হাসপাতালে নিয়ে আসেন। পরে ১৫ হাজার টাকা চুক্তিতে ডা. আফরোজা অন্তঃসত্ত্বা ওই নারীর অস্ত্রপাচার করেন। অস্ত্রপাচারের সময় বিবি আছিয়া বোমি করেছিলেন। তখন চিকিৎসককে বোমি করার কারন জিজ্ঞেস করলে তিনি বলেছেন, এমন বোমি করে সমস্যা নেই। এর পর ১০ টায় অস্ত্রপাচার শেষ হয়। সে একটি পুত্র সন্তান জন্ম দেয়। অপারেশন থিয়েটার থেকে বের করার পর রোগী কাঁপতে ছিল। তখনও চিকিৎসককে বলা হলে তিনি বলেন, কোনো সমস্যা নেই। তবে বোমি করা অবস্থা রোগীকে অস্ত্রপাচার ঠিক হয়নি বলেও মন্তব্য করে বলেন, ‘যাক সিজার করে ফেলেছি আল্লাহ ভরসা’। রাত ১২ টায় রোগীর জ্ঞান না ফিরলে তখনও ডাক্তার বলেছে সমস্যা নেই ৭-৮ ঘন্টা পরে জ্ঞান ফিরবে। পরে সকল ৮ টায় রোগীকে আইসিইউতে রাখার জন্য দ্রুত বরিশাল নেয়ার জন্য বলেন এবং বরিশাল নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের স্বামী মো. আব্দুর রহমান জানান, তিনি এ ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেন।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ডা. আফরোজ জানান, অস্ত্রপাচারের পর রোগী স্বাভাবিক ছিলো। রাত ১২টায়ও তার প্রেসারসহ অনান্য সব কিছুই ভালো ছিলো। সকাল সাড়ে ৮টার দিকে তাঁর প্রেসার কমে গেলে অন্যান্য চিকিৎসকসহ তাকে পর্যাপ্ত চিকিৎসা সেবা দেয়া হয়েছে। কিন্তু তাঁর উন্নতি না হওয়ায় তাকে আইসিইউ সাপোর্টের জন্য বরিশাল পাঠানো হয়েছে। মূলত বয়স বেশী হওয়ায় হার্টঅ্যাটাকে রোগীর মৃত্যু হয়েছে। কোনো ভুল চিকিৎসা দেয়া হয়নি বলে দাবি করেন তিনি।