• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ইজিবাইক ও মোটর সাইকেলের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২২, ১২:১৯ অপরাহ্ণ
গোপালগঞ্জে ইজিবাইক ও মোটর সাইকেলের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যাটারী চালিত ইজিবাইক ও মোটর সাইকেলের সংঘর্ষে ছিব্বির মোল্লা হৃদয় (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

আজ শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার সাজাইল-কাশিয়ানী সড়কের সাজাইল ইউনিয়নের রাতকান্দি গ্রামে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চত করেছেন।

নিহত হৃদয় মোল্লা উপজেলার সাজাইল ইউনিয়নের রাইতকান্দি গ্রামের মনির মোল্লার ছেলে। তার সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম জানিয়েছেন, দুপুরে এসএসসি পরীক্ষার্থী ছিব্বির মোল্লা হৃদয় মোটর সাইকেলে করে হরিদাসপুর সর্দার পাড়া থেকে সাজাইল বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারী চালিত একটি ইজিবাইকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হলে সে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হূদয়কে মৃত ঘোষণা করেন।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ওই এসএসসি পরীক্ষার্থীর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। #