বাকেরগঞ্জ প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা চালিয়ে ৩ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। আহতরা হলেন মনোয়ারা বেগম (৫০), তার স্বামী মোস্তফা হাওলাদার (৬০) ও কণ্যা মোসাঃ ইতি আক্তার (২০)।আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় আহত মনোয়ারা বেগম বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বড়িয়া গ্রামের মোস্তফা হাওলাদার প্রৈত্রিক সুত্রে প্রাপ্ত জমি ১০০ বছর যাবত ভোগদখল করে আসছেন। উক্ত জমি নিয়ে একই গ্রামের মোঃ আনিস হাওলাদারের বিরোধ সৃষ্টি হলে স্থানীয়ভাবে আপোষ মীমাংসা করে স্ট্যাম্পে লিখিত হয়। কিন্তু তা সত্বেও আনিস হাওলাদার ওই জমি জবরদখল করতে পায়তারা সৃষ্টি করে।
সেই বিরোধের জের ধরে ১৮ ডিসেম্বর রাত ৯ টায়, ১৫ ডিসেম্বর বেলা ১২ টায় ও ১৪ ডিসেম্বর বিকেল ৪ টার সময় মনোয়ারা বেগম ও তার কণ্যা ইতি আক্তার বাড়ির দুই ঘরের মাঝখান থেকে নিজ ঘরে যাবার পথে রফিক হাওলাদারের সাথে তর্কবিতর্ক হয়। ঘটনার এক পর্যায়ে রফিক হাওলাদার, তার পিতা আনিস হাওলাদার ও মা সেলিনা বেগম গালাগাল করে মনোয়ারা বেগম ও তার কণ্যা ইতিকে এলোপাথাড়ি কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এ সময় হামলাকারীরা তাদের স্বর্ণের চেইন ও মোবাইলসহ ৮০ হাজার টাকার মালামাল ছিনাইয়া নেয়। এমনকি এ ঘটনা নিয়ে থানায় অভিযোগ দিলে তাদের পরিবারকে খুন-জখম ও মিথ্যা মামলা দায়েরের হুমকি দেয়। তিনি ও তার পরিবার এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।