গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ দক্ষিণাঞ্চলে সাথে সড়কপথে যাতায়তের একমাত্র প্রবেশপথ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বিভিন্ন অংশে অসংখ্য টিউমার দেখা দিয়েছে। এছাড়াও মহাসড়কের একাধিক স্থানে ছোট-বড় গর্ত থাকায় ব্যস্ততম এ মহাসড়কে দূর্ঘটনা বৃদ্ধি পেয়েছে।
সরেজমিনে গৌরনদীর ভুরঘাটা থেকে বাটাজোর পর্যন্ত মহাসড়ক ঘুরে দেখা গেছে, সড়কের বিভিন্ন অংশে পিচ ও পাথরে একাকার হয়ে সড়কের দুইপাশে উঁচু হয়ে জেগে উঠেছে টিউমার। একদিকে ছোট-বড় খানাখন্দ, অপরদিকে সড়কের পাশে জেগে ওঠা টিউমারে দিশেহারা হয়ে পরছেন যানবাহন চালকেরা।
মহাসড়ক দিয়ে প্রতিদিন যাতায়তকারী মোটরসাইকেল চালক মনির হোসেন, মেহেদী হাসান সহ একাধিক চালকরা জানান, দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনের সংখ্যা বহুগুনে বৃদ্ধি পেলেও সড়ক প্রশস্ত হয়নি। অপরদিকে সড়কের বিভিন্ন অংশে টিউমার আর খানাখন্দ থাকায় প্রতিনিয়ত যানবাহনগুলো দূর্ঘটনার শিকার হচ্ছে। মহাসড়কের পাশে বসবাসকারী বাসিন্দারা জানান, রাতে চলাচলকারী যানবাহনগুলো খানাখন্দে পরলেই বিকট শব্দ ঘুম ভেঙ্গে যায়। পাশাপাশি অযথা হর্ণতো আছেই। এতে আমরা কেউই ঘুমাতে পারিনা। অতিদ্রæত মহাসড়কের টিউমার অপসারন সহ সড়কটি সংস্কারের দাবী জানান স্থানীয়রা।
এ বিষয়ে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী অরুন কুমার জানান, মহাসড়কের খানাখন্দ মেরামতের কাজ চলমান রয়েছে। অচিরেই উঁচুস্থানগুলো অপসারণ করা হবে।