আবু তাহের, নিজস্ব প্রতিনিধি:
ফজর নামাজের পর আ’ম বয়ানের মধ্যে দিয়ে আজ যশোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। শুক্রবার (৩০ ডিসেম্বর) জেলা তাবলীগ জামাত মাওলানা সাদ গ্রুপের আয়োজনে শহরের মারকাজ মসজিদ মাঠে এ ইজতেমা শুরু হয়। এদিকে ইজতেমাকে কেন্দ্র করে শুক্রবার জুম্মায় হাজার হাজার মুসল্লি অংশ নেয়। সেখানে দুইটি জামাত অনুষ্ঠিত হয়। জামাতে যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ, যশোরের পৌর মেয়র হায়দার গণি খান পলাশসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।
শুক্রবার ইজতেমা এলাকা ঘুরে দেখা যায়, যশোরসহ পাশ্ববর্তী জেলা নড়াইল, ঝিনাইদহ ও সাতক্ষীরার মানুষ এই ইজতেমায় অংশ নিয়েছেন । প্রথম দিনেই ১০ হাজার থেকে ১২ হাজর মানুষ সেখানে অবস্থান নিয়েছেন।
ইজতেমা মাঠের জিম্মাদার মুজিবর রহমান বলেন, ইজতেমা ময়দানের সব কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বিশাল জায়গা জুড়ে অবস্থিত মাঠটি ত্রিপল দিয়ে ঘেরা হয়েছে। হাজার হাজার মুসল্লির পয়নিষ্কাশনের জন্য ২৫০টি টয়লেটের ব্যবস্থা রয়েছে। এছাড়া দুই শতাধিক অজু ও গোসলখানা নির্মাণ করা হয়েছে। অর্ধশতাধিক মাইক টাঙানো হয়েছে। ইজতেমা মাঠে মুসল্লিদের প্রবেশের জন্য চারটি গেট নির্মাণ করা হয়েছে। তিনি আরও বলেন, ইজতেমায় ৫টি বিদেশি জামাত অংশ নিচ্ছে। মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ভারত ও মোর্তানিয়া এই ৫টি দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিচ্ছেন। রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।
এ বিষয়ে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার বলেন, ইজতেমাকে কেন্দ্র করে নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আইনপ্রয়োগকারী সংস্থার একাধিক টিম সর্বদা কাজ করছে।