• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৩, ১০:২৮ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় হাবিব মোল্লা (৩৫) নামে আহত এক যুবক মৃত্যু হয়েছে।

আজ রোববার (০১ জানুয়ারি) দুপুরে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। গত শুক্রবার সকালে গোপালগঞ্জ শহরের নতুন বাজার রোডে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হাবিব মোল্লা গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রামের নতুন কামরুল মোল্লার ছেলে।

ওসি জাবেদ মাসুদ জানান, গত শুক্রবার সকালে গোপালগঞ্জ শহরের নতুন বাজার রোডে একদল লোক পিটিয়ে ও কুপিয়ে হাবিব মোল্লাকে মারাত্মক আহত করে। এসময় স্থানীয়রা সংকটজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, এ বিষয়ে কয়েকজনকে অভিযুক্ত করে নিহতের পিতা কামরুল মোল্লা থানায় একটি অভিযোগ দাখিল করেছিলেন এবং সে অভিযোগটি গতকালই থানায় রেকর্ড করা হয়েছে। সেটিই এখন হত্যা মামলা হিসাবে পরিগনিত হবে। অভিযুক্তদের ধরার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

নিহতের মামা মিজান মোল্লা জানান, নিহত হাবিবের বাবা কামরুল মোল্লা গোপালগঞ্জ শহরের বড়বাজারের ইজারাদার। সে তার বাবার সাথে ইজারাদারের কাজ করতো। থানাপাড়া এলাকার কিছু যুবকের সাথে হাবিবের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করা হয়। তবে এ ঘটনার সাথে কারা জড়িত রয়েছে তিনি তা বলতে পারেননি। নিহত হাবিবের ২টি সন্তান ও স্ত্রী রয়েছে। #