বেতাগী বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে চাঞ্চল্যকর ঘটনা ইউপি সদস্য শামিম খানকে বসতঘরে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামী চান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভিররাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার খালিশপুর নতুন রাস্তার মোড় থেকে আসামী চান মিয়া (৫৫) কে গ্রেফতারর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বেতাগী থানার উপ-পুলিশ পরিদর্শক শুভ বাড়ৈ খুলনা ডিবি পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করেন। বুধবার ৪ জানুয়ারী বরগুনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চান মিয়া কে হাজির করা হলে জেল হাজতে প্রেরণ করেন বিচারক। এর আগে এ মামলায় আসামী রাজা (৫২), নুর মিয়া (৪৮) ও শিশির (৩৩) কে গ্রেপ্তার করা হয়। তারা সবাই আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শামিম খানের ঘরে গভির রাতে ঘুমন্ত অবস্থায় দরজা বন্ধ করে পেট্রোল দিয়ে আগুন দেওয়া হয়। এতে স্ত্রী সন্তানসহ তিনি মারাত্মকভাবে আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেন।এই ঘটনায় শামীম খানের মা মনোয়ারা বেগম বাদী হয়ে বেতাগী থানায় অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে বেতাগী থানায় নিয়ে আসা হয়। মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।