• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে জমির আইল ঠেলাঠেলি নিয়ে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৩, ১৪:১৬ অপরাহ্ণ
গোপালগঞ্জে জমির আইল ঠেলাঠেলি নিয়ে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জমির সীমানার আইল ঠেলাঠেলি নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক নিত্যানন্দ বল ওরফে নিতাই বল (৪৫) মারা গেছেন ।

আজ বুধবার (১১ জানুয়ারী) বিকালে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো: ওমর শরীফ নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নিতাই বল কোটালীপাড়া উপজেলার পীড়ারবাড়ী পূর্বপাড়া গ্রামের জীতেন্দ্র নাথ বলের ছেলে।

উপ-পরিদর্শক (এসআই) মো: ওমর শরীফ জানান, গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে পীড়ারবাড়ী বিলে জমির আগাছা পরিস্কার করে কচুরিপানা দিয়ে জমির সীমানায় আইল দেন নিতাই বল। এসময় পাশ্ববর্তী জমির মালিক ব্রজেন মিন্ত্রীর ছেলে বিনয় মিন্ত্রী আইল ঠেলে নিতাই বলের জমির মধ্যে ঢুকিয়ে দেয়।

এই নিয়ে দু’জনের মধ্যে তুমুল বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে বিনয় মিন্ত্রী ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পিটিয়ে নিতাই বলকে মারাত্মক আহত করে। পরে সংকটজনক অবস্থায় তাকে ররিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মার যান।

তিনি আরো বলেন, এ ব্যাপারে কোটালীপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আগামীকাল বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতালে নিহতদের তদন্ত হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। #