স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: মো: টিটু মিয়া ও মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: মুস্তাফিজুর রহমান।
আজ শনিবার (১৪ জানুয়ারি)দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: মুস্তাফিজুর রহমান ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে মহাপরিচালক সমাধি সৌধে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লেখেন এবং স্বাক্ষর করেন।
এ সময় অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাশার মো: জামাল, সিলেট মেডিকেল কলেজের উপাচার্য অধ্যাপক ডা: এ এইচ এম এনায়েত হোসেন, গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, পরিচালক ডা: মো: মনোয়ার হোসেন, বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক হুমায়ুন কবিরসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। #