স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩১ তম বিসিএস ক্যাডার কর্মকর্তাদের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ১০ বছর পূর্তি ও ১১ বছরে পদার্পণ উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জ জেলায় কর্মরত বিসিএস কর্মকর্তাবৃন্দ।
আজ সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলায় কর্মরত বিসিএস কর্মকর্তাবৃন্দ। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
এসময় নোবেল বিজয়ী চাইল্ড এক্টিভিস্ট শ্রী কৈলাস সর্ত্যার্থী, ৩১ তম ক্যাডার এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, গোপালগঞ্জ বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক হুমায়ুন কবির, জসিম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন। #